দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি -দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও ও শহরজুড়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় থানার সামনের রাস্তায় আটকে রাখা দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে পুরনো তিন মামলায় শেখ বাদশাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে ওই রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। পরবর্তীতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন প্রবেশপথে বাস-ট্রাক আড় করে ব্যারিকেড দেওয়া হয়। একই সঙ্গে শ্রমিকরা কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে গোটা শহরে তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীরা।
সকাল ১১টার দিকে থানা ঘেরাও চলাকালে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের সূত্রপাত হয়। এ সময় উত্তপ্ত পরিস্থিতিতে থানার সামনের রাস্তায় থাকা দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে আহত ১০-১২ জন শ্রমিকের মধ্যে কয়েকজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শ্রমিকদের থানা কম্পাউন্ডের বাইরে সরিয়ে দেওয়া হয়।
শেখ বাদশার সমর্থক আব্দুস সালাম জামশেদ, আব্দুল খালেক, শহিদুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীরসহ কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিক জানান, বাদশা সবসময় শ্রমিকদের পাশে থেকে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন। জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের দিন চক্রান্তমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অভিযোগ করেন, প্লাবন ও হিরুর নেতৃত্বে একদল বহিরাগত লোক তাদের ওপর হামলা চালিয়েছে, যার ফলে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তারা অবিলম্বে শেখ বাদশার মুক্তি দাবি করেন এবং মুক্তি না দেওয়া পর্যন্ত সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উদ্ভূত পরিস্থিতির মুখে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্ধারিত মনোনয়নপত্র বিক্রি আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী কমিশনার ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, তিনটি পুরনো মামলায় শেখ বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে। জনগণের ভোগান্তি কমাতে ও বিশৃঙ্খলা রোধে আলোচনার মাধ্যমে দ্রুত শহরের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































